ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যখন রাজনৈতিক উত্তাপ ও উৎসবের আমেজ একসঙ্গে বিরাজ করছে, তখন ভবিষ্যৎ সরকার নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী।
তিনি মনে করেন, ক্ষমতায় যে-ই আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও সমতা নিশ্চিত করাই হওয়া উচিত নতুন সরকারের প্রধান অগ্রাধিকার।
গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বুবলী বলেন, নির্বাচন ফলাফল এখনো জানা যায়নি, তাই কে সরকার গঠন করবে সেটি সময়ই বলবে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তার চাওয়া স্পষ্ট- দেশে যেন সবাই নিরাপদে বসবাস করতে পারেন।
তার ভাষায়, নারী-পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করতে হবে।
বুবলী আরও বলেন, রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন, দেশের সার্বিক পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন, যা জনগণের আস্থা দৃঢ় করবে।
আরও পড়ুন
শুধু অভিনয় নয়, বিভিন্ন সামাজিক ইস্যুতেও মত প্রকাশ করতে দেখা যায় বুবলীকে। এবারও তিনি ব্যক্তিগত অবস্থান থেকে নাগরিক নিরাপত্তা ও সাম্যের প্রশ্নটি সামনে এনেছেন। বিশেষ করে নারীর নিরাপত্তা ও সমঅধিকারের প্রসঙ্গটি তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেও কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি ‘ঢাকাইয়া দেবদাস’ নামের নতুন আরেকটি চলচ্চিত্রেও অভিনয় করছেন।
সব মিলিয়ে নির্বাচনের আবহে যখন দেশ ভবিষ্যতের পথে এগোনোর প্রস্তুতি নিচ্ছে, তখন বিনোদন জগতের তারকারাও নিজেদের প্রত্যাশা জানাচ্ছেন। বুবলীর ভাষায়, ‘নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ’-এটাই হোক আগামী দিনের অঙ্গীকার।
এএডি/