প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম
বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংগৃহীত ছবি ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অনেকগুলো কেন্দ্রে নিজের নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কের এক পাশে অবস্থিত রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
ভোট দেওয়ার পর সকাল নয়টার দিকে সাইফুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এ জন্য গণ-আন্দোলন করতে হয়েছে। এ জন্য দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় নিজ কেন্দ্রে ভোট গ্রহণে ‘ধীরগতির’ বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাইফুল হক।
এই আসনে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল আলম নীরব, কোদাল প্রতীকের সাইফুল হক এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
তিনি জানান, তিনি যে বুথে ভোট দিয়েছেন, সেটিতে তার ভোটটি সকাল থেকে পড়া ৩০তম ভোট ছিল। সময়ের হিসাবে ১ ঘণ্টা ২০ মিনিটে ৩০টি ভোট পড়েছে। ভোট গ্রহণের এ হারকে ধীরগতির বলে উল্লেখ করেন তিনি।
সাধারণভাবে দেখেছি ভোট নিয়ে একধরনের উৎসবের আমেজ আছে। কিন্তু অনেকগুলো জায়গা থেকে বেশ কিছু অভিযোগ আসছে বলে মন্তব্য করে তিনি জানান, কোথাও কোথাও কেন্দ্রের বাইরে গতকাল থেকে মহড়া চলছে। আমার এজেন্টদের অনেকগুলো কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমি দেখতে চাই ভোটটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হবে।
মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, তবে চাপা উদ্বেগ-উৎকণ্ঠা আছে বলেও জানান তিনি।
/ইউএমএইচ