রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭ -এ ভোটগণনা শুরুর পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার চিত্র। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনের ১৮টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের মতো এ আসনেও ভোটগ্রহণ চলে।
একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। নির্বাচন কমিশনের তথ্যমতে, দিনভর ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ে; বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। ফলে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ব্যবধান থাকলেও লড়াই যে জমে উঠেছে, সেটি স্পষ্ট।
এর আগে প্রথম ধাপে ঘোষিত দুটি কেন্দ্রের ফলেও এগিয়ে ছিলেন তারেক রহমান। সেসব কেন্দ্রে তিনি পান ১ হাজার ৭৪ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৪৫৭ ভোট। ধাপে ধাপে কেন্দ্রের ফল যুক্ত হওয়ায় ব্যবধানের চিত্রও বদলাচ্ছে, যা পুরো আসনের ফল নিয়ে উত্তেজনা বাড়িয়েছে।
আরও পড়ুন
ঢাকা ১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
জাতীয় প্রেক্ষাপটেও এবারের নির্বাচন ছিল অংশগ্রহণের দিক থেকে ব্যতিক্রমী। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন, যাদের মধ্যে ৮০ জন নারী প্রার্থী।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
সব মিলিয়ে, ঢাকা ১৭ আসনের আংশিক ফলাফল বলছে- এটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আসন। এখন সবার চোখ বাকি কেন্দ্রগুলোর গণনার দিকে।
এএডি/