ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে ভোটারের চিঠি, আলোচনার ঝড়

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। একটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্সে আসটির ১১

2026-02-13T04:27:10+00:00
2026-02-13T04:27:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে ভোটারের চিঠি, আলোচনার ঝড়
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ এএম 
ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে ভোটারের চিঠি। ছবি : সময়ের আলো
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। একটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্সে আসটির ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের উদ্দেশ্যে এক ভোটারের হাতে লেখা চিঠি পাওয়া গেছে।

চিঠিতে প্রার্থীকে উদ্দেশ্য করে এলাকার উন্নয়ন, মানুষের কষ্ট, নিরাপত্তা, দুর্নীতি ও স্থানীয় নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভোটার নিজের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরে নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ওই ভোটার নিজেকে একজন গার্মেন্টস কর্মী হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, তিনি কোনো দল বা সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি বলেন, গত ৩০ বছরে হাতিয়ায় অনেক নেতা দেখেছেন, যাদের উন্নয়ন ছিল কাগজে-কলমে। 

তিনি নদীভাঙন রোধ, ভূমিহীনদের জমি হস্তান্তর, সিট্রাক ও টলার ভাড়া কমানোসহ নানা বিষয়ে হান্নান মাসউদের ভূমিকার কথা উল্লেখ করেন। ভোটার দাবি করেন, তিনি নিজের পরিবার ও আত্মীয়-স্বজন মিলিয়ে ২৩টি ভোট দিয়েছেন।

চিঠির শেষে ভোটার প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন, চিঠিটি যেন প্রার্থী হান্নান মাসউদের কাছে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, চিঠিটি ব্যালট পেপারের সঙ্গে বা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি নজরে এলে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয় এবং মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

অনেকে বলছেন, ভোটারদের মাঝে প্রার্থীর প্রতি প্রত্যাশা ও হতাশা দুইই বেড়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি রাজনৈতিক আবেগ প্রকাশের একটি ব্যতিক্রমী ধরন।


এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ব্যালট বাক্সে এ ধরনের চিঠি বা কাগজ ফেলা নির্বাচন বিধিমালার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনাটি কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সৃষ্টি করেনি।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ব্যালট বক্সে ভোটের পাশাপাশি মানুষ অনুভূতিও জানিয়ে গেছে। এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছেন।

এফআর


  বিষয়:   নির্বাচন  ব্যালট বক্স  হান্নান মাসউদ  ভোটার  চিঠি  আলোচনার ঝড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: