চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। ২৩ রানের জয়ে বিশ্ব ক্রিকেটকে তারা বুঝাল টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শক্তিতে ছোট হলেও এখনো ফুরিয়ে যায়নি।
২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপেও কেপ টাউনে ৫ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই জয়ের পর আজ এই সংস্করণের বিশ্বকাপে দ্বিতীয় মুখোমুখিতেও ফল পাল্টাল না। ব্রেন্ডন টেলর নিশ্চয়ই এই জয় উপভোগ করেছেন রন্ধ্রে রন্ধ্রে।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বেচারা টেলরের বিশ্বকাপ শেষ। ১৯ বছর আগের সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোয় ৬০ রানের দারুণ ইনিংস খেলেছিলেন টেলর।
আজ মাঠের বাইরে থেকে টেলর হয়তো দেখেছেন, তার ভূমিকায় ছিলেন জিম্বাবুয়ের একসঙ্গে কয়েকজন।
আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ তোলা জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং রাজার অপরাজিত ১৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পেয়ে যায় তারা।
বোলিংয়ে জিম্বাবুয়ে যতটা ভালো করেছে, তার চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাই চোখে বিঁধেছে বেশি।
শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অজিরা। রান তাড়ায় একাই লড়েছেন রেনশ। ৪৪ বলে করেছেন ৬৫ রান। বাকি ব্যাটসম্যানদের কেউই জিম্বাবুয়ের রান টপকানোর মতো কিছু করতে পারেননি।
সময়ের আলো/এআর