ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে হতাশ ফুটবলপ্রেমীরা। নির্বাচনে তাদের চোখ ছিল ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের দিকে। কারণ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক ছিলেন তিনি। গ্যালারির গর্জন তোলা আমিনুল মাঠের লড়াইয়ে পরাজিত হলেও, গুঞ্জন আছে রাজনীতির টেবিলে তিনিই এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে আলোচনায় আছেন।
বলা হচ্ছে, বিএনপি জোট সরকার গঠন করলে, সংসদ সদস্য না হয়েও ‘টেকনোক্রেট’ কোটায় আমিনুল হকের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমনকি ক্রীড়াপ্রেমীদেরও দাবি, এ মুহূর্তে আমিনুলের চেয়ে যোগ্য ও ত্যাগী আর কেউ নেই।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন (দাঁড়িপাল্লা) ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, আমিনুল হক (ধানের শীষ) পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। মাত্র ৩ হাজার ৩৬১ ভোটের এই পরাজয় অবিশ্বাস্য বলে মনে করছেন তার দীর্ঘদিনের সতীর্থরা।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, দলও আমিনুলকে ‘টেকনোক্রেট’ কোটায় মন্ত্রী বানানোর কথা ভাবছে। কারণ বেসরকারিভাবে ভোটে জিতে যারা সংসদ সদস্য হয়েছেন তাদের চেয়েও যোগ্যতার বিচারে অনেক এগিয়ে রয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল হক।
সূত্র বলছে, সংসদ সদস্য হিসেবে পরাজিত হলেও, আমিনুল হকের ক্রীড়ামন্ত্রী হওয়ার পথ রুদ্ধ হয়নি। দেশের সংবিধানে সংসদ সদস্য না হয়েও টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার বিধান রয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়েই আমিনুলকে মন্ত্রী হিসেবে দেখতে চান ক্রীড়াঙ্গনের বড় একটি অংশ।
জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক ও দাবাড়ু নিয়াজ মোর্শেদ বলেন, শুধু খেলোয়াড় বা জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নয়, রাজনৈতিক নেতা হিসেবেও সে খুব যোগ্য। আমিনুল অত্যন্ত পরিশ্রম করেছে। এ মুহূর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে যোগ্য ব্যক্তি আমিনুলই। দল চাইলে তাকে টেকনোক্রেট হিসেবে মন্ত্রী করতেই পারে।
এফআর