সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম আঞ্জুর মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে এবং বরের আপন চাচাতো বড় ভাই।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
আজ শনিবার কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে যায় আঞ্জুর মিয়া। এসময় পূর্বের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, ধল পূর্ব আশ্রম গ্রামে মৃত ছাদ্দিক মিয়ার ছেলে (বর) সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েতে আজিজুল হকের নিকট আত্মীয় আনহার মিয়ার লোকজনের অমত ছিল। এ নিয়ে বরের সমর্থক ও চাচাতো ভাই আঞ্জু মিয়ার সঙ্গে আনহার মিয়ার বিরোধ বাধে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী সময়ের আলোকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর