রাজশাহীতে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে গোলাম মোস্তফা (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা ডাঁশমারী এলাকার তৈমুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক একরামউজ্জামান বলেন, গোলাম মোস্তফা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা যান। তার ডান পায়ে গুলি লেগেছে। মৃতদেহ হাসপাতালে আছে। তার স্বজনরা এসেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কারা এই ঘটনা ঘটিয়েছে তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে একটি গুলি ও একটি খোসা পাওয়া গেছে।
তিনি আরও জানান, নিহত গোলাম মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একটি ময়দার মিলে কাজ করতেন। আমরা ঘটনাস্থলে এসেছি, তদন্ত চলছে।
সময়ের আলো/আআ