এবারের নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সি মাওলানা মো. নুরুল আমিন। তিনি স্থানীয় আলতাব নগর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়েছেন মাওলানা মো. নুরুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। দুই হাজার ৪২৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন মাওলানা মো. নুরুল আমিন।
নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমিন পেশায় একজন ইমাম ও খতিব। পাশাপাশি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এছাড়া তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। স্থানীয়ভাবে এবং সারাদেশে তিনি ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।
নির্বাচনে জয়ের পর এক প্রতিক্রিয়ায় মাওলানা নুরুল আমিন জানান, ভোটাররা ১১ দলের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ জয়ের পর তিনি ১১ দলের না এই আসনের সব মানুষের তথা পীরগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে কথা বলবেন। এই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করে গড়ে তোলায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের বিজয় দান করেছেন। এখন আমাদের কাজ হলো সবাই মিলে পীরগঞ্জকে সাজানো। যারা সম্মান দিয়ে আমাকে এ দায়িত্ব প্রদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে চলতে চাই।
মাওলানা মো. নুরুল আমিন পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন।
সময়ের আলো/আআ