দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালকের সাহসিকতা ও স্থানীয়দের তৎপরতায় ‘মোস্তা’ নামে পরিচিত এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬) কুন্দারামপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ যাওয়ার কথা বলে যাত্রী সেজে তিন ব্যক্তি একটি অটোরিকশায় ওঠে। রামেশ্বরপুরের নির্জন এলাকায় পৌঁছে তারা চালককে জিম্মি করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় একজন অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও অপর দুইজন চালককে ধানক্ষেতে নিয়ে গিয়ে ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে চালক ছুরিকাঘাতে আহত হন।
এ অবস্থায় পাশের জমিতে সেচ দিতে থাকা এক ব্যক্তির টর্চ লাইটের আলো পড়ে ঘটনাস্থলে। এতে ছিনতাইকারীরা বিচলিত হয়ে পড়লে আহত চালক সুযোগ বুঝে মোস্তফাকে জাপটে ধরেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আহত চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতার আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/জোআই