বাগেরহাট সদরে যুবদল নেতার বাড়িতে আগুন দিয়েছে জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। ভুক্তভোগী আলিমুজ্জামান রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে আলিমুজ্জামান রানার টিনশেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। খবর পেয়ে বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আলীমুজ্জামান রানা।
পুলিশ জানায়, সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন পরাজিত হন। এ খবর ছড়িয়ে পড়লে বিজয়ী প্রার্থী জামায়াতের মঞ্জরুল হক রাহাদের এলাকার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
পরেরদিন সকালে জামায়াতের কর্মী-সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে যুবদল নেতা বাড়িতে আগুন দেয়া হয়েছে। আগুনে কোনো হতাহত না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ