গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় কাকন (৩৫) নামে এক যুবদল কর্মীর হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হওয়া ঘটনা ঘটেছে। তিনি উপজেলার বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে। এ
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাকন ইউনিয়ন যুবদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যার পর কাকন জুনদাহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, হামলায় কাকনের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। পাশাপাশি তার দুই পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, আহত ব্যক্তি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, হামলার কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সময়ের আলো/আআ