সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে মৌখিকভাবে চাকুরি থেকে বরখাস্ত করার প্রতিবাদে কর্মবিরতি ও সংবাদ সম্মেলন হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর দপদপিয়া এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনারগাঁও টেক্সটাইল মিলের লাইনম্যান হাবিবুর রহমান বলেন, শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করার উদ্দেশ্যে গত ১৫ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষ সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে মৌখিকভাবে চাকুরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই মিলে ৩০ বছর চাকুরি করেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি এই মিলে ১৪ বছর ধরে চাকুরি করে আসছেন।
ইউনিয়ন নেতৃবৃন্দকে চাকরিচ্যুত কারার চেষ্টা সম্পূর্ণভাবে ট্রেড ইউনিয়নের প্রতি বৈষম্যমূলক, এবং কোনোভাবেই ন্যায়সংগত নয় বলে তারা উল্লেখ করেন। শ্রমিকরা যাতে ট্রেড ইউনিয়নের মাধ্যমে দাবি আদায়ে সংগঠিত না হতে পারে এ উদ্দেশ্যেই মালিক এই ইউনিয়ন নেতৃবৃন্দ কে চাকরিচ্যুত করে ট্রেড ইউনিয়নকে নেতৃত্বশূন্য ও অকার্যকর করতে চান বলে অভিযোগ করা হয়।
এ সময় অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাদের কাজে যোগদানের অনুমতি দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা।
আয়োজিত সংবাদ সম্মেলনে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক সংগঠনের মাসুম গাজি, ইমরান হোসেন, মো. জসীম হাওলাদার, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোআই