ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি ফিশারিতে মাছ ধারার সময় জেলের জালে আব্দুল্লাহ হিল ফুয়াদ নামের এক শিশুর মরদেহ উঠে এসেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে ফিশারিতে মাছ ধরার সময় জালে উঠে আসে শিশুটির মরদেহ। এর আগে সকাল ১০টা থেকে শিশুকে পাওয়া যাচ্ছিল না।
শিশু ফুয়াদ গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, হুমায়ুন কবিরের তিন মেয়ে ও এক ছেলে। সবার ছোট ফুয়াদ। অনেকটা চঞ্চল প্রকৃতির ছিল। গত দুই দিন আগে ময়মনসিংহ থেকে মা-বাবার সঙ্গে বাড়িতে আসে সে। আজ বিকেলে ফুয়াদসহ পরিবারের সবাই ময়মনসিংহ চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
এতে আশপাশের বাড়িতে খোঁজাখুজি করা হয়। না পেয়ে পরিবারের ধারণা ছিল শিশুদের সঙ্গে কোথাও খেলা করছে না হয় বাড়ির পাশে একটি মোড়ের দোকানে গিয়েছে। তবে দুপুরে জেলেরা মাছ ধরার সময় জালে উঠে আসে ফুয়াদের মরদেহ।
নিহত শিশুর চাচা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রাকিব বলেন, পরিবারের সবাই গত দুই দিন আগে ময়মনসিংহ থেকে বাড়িতে আসে, আজ চলে যাওয়ার কথা ছিল। দুপুরে বাড়ির পাশে ফিশারিতে মাছ ধারার জালে মরদেহ উঠে আসে। ধারণা করা হচ্ছে খেলা করতে করতে কোনো এক সময় পানিতে পরে তলিয়ে মৃত্যু হয়।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন বলেন, দুপুর ১টা ১০ মিনিটে মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ দিয়ে দেওয়া হবে।
এফআর