ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নির্বাচনে জয়ী বিএনপি নেতারা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান শুরুর আগে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদীয় কার্যক্রমে অংশ নিলেও সংবিধান সংস্কার পরিষদের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে দলের আপত্তি রয়েছে।
রাজধানীর জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির নবনির্বাচিত এমপিরা সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে সংস্কার পরিষদে অংশগ্রহণের ক্ষেত্রে দলীয় অবস্থান আলাদা রাখা হয়েছে।
আরও পড়ুন
দলীয় সূত্র জানায়, সংবিধান সংস্কার প্রক্রিয়া নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে বিএনপি। এ কারণে আপাতত পরিষদে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে অংশগ্রহণের পাশাপাশি নির্দিষ্ট ইস্যুতে আলাদা অবস্থান নেওয়ার মাধ্যমে বিএনপি একটি ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করছে। এতে দলটি একদিকে সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকছে, অন্যদিকে বিতর্কিত মনে হওয়া প্রক্রিয়া থেকে দূরত্ব বজায় রাখছে।
এএডি/