বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
মীর শাহে আলম এর আগে মাত্র ২৫ বছর বয়সে আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরবর্তীতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, দীর্ঘদিন পর বগুড়ার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেতে যাচ্ছে, এটি জেলার জন্য আনন্দের খবর।
সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।
/ইউএমএইচ