চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম সাত মাসে মোংলা বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এ সময়ের মধ্যে ৩১ টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। যা গেল অর্থ বছরের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি।
গত ২০২৪-২৫ অর্থবছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই সেই পরিমাণ অতিক্রম করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ পর্যন্ত মাত্র সাত মাসে ৫১৫ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। এই সময়ে ছয় হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লক্ষ ৬৬ হাজার মেট্রিক টন। যা, গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক তিন শতাংশ বেশি।
উপ-পরিচালক মো. মাকরুজ্জামান আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের এখনো পাঁচ মাস বাকি, তবে ইতোমধ্যে তারা গত বছরের কন্টেইনার হ্যান্ডলিং অতিক্রম করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর ব্যবহারকারীর সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2, HP-3 নামক তিনটি নতুন অপারেশনাল ট্যাঙ্কার বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উক্ত বার্থসমূহে ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলতার সঙ্গে অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন থেকে উক্ত বার্থসমূহে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ কার্গো অপারেশন করা সম্ভব হবে বলে জানা গেছে।
বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি এবং মোংলা বন্দর সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে বলে জানা গেছে।
এফআর