বিশ্বকাপে লজ্জার বিদায় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলা

একটি ম্যাচ, যার ফলের ওপর ঝুলছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। কিন্তু বল গড়ানোর আগেই শেষ সব হিসাব। জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায়

2026-02-18T03:47:44+00:00
2026-02-18T03:47:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে লজ্জার বিদায় অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ এএম 
বৃষ্টিতে ভিজে গেছে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। খেলা না হলেও মাঠ পরিদর্শনে নেমে গেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা । ছবি : সংগৃহীত
একটি ম্যাচ, যার ফলের ওপর ঝুলছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। কিন্তু বল গড়ানোর আগেই শেষ সব হিসাব। জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর দলটির জন্য এটি নিঃসন্দেহে হতাশার সমাপ্তি।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হারের পর তিন ম্যাচে অস্ট্রেলিয়ার ছিল মাত্র দুই পয়েন্ট। সুপার এইটে উঠতে হলে তারা চেয়েছিল জিম্বাবুয়ের পরাজয়। কিন্তু ম্যাচ না হওয়ায় এক পয়েন্ট পেয়ে পাঁচ পয়েন্টে পৌঁছে যায় জিম্বাবুয়ে এবং শীর্ষ দুই নিশ্চিত করে। ফলে সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছালেও অস্ট্রেলিয়ার আর সুযোগ থাকছে না। আয়ারল্যান্ডও তিন পয়েন্টে শেষ করে ছিটকে গেছে।

পুরো টুর্নামেন্টজুড়েই অস্ট্রেলিয়া ছিল ইনজুরি ও দল নির্বাচনের বিতর্কে জর্জরিত। অধিনায়ক মিচেল মার্শ খেলেছেন মাত্র এক ম্যাচ। স্টিভ স্মিথকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন সাবেক তারকা মার্ক ওয়াহ। তিনি বলেন, ‘আমার মনে হয় শুরু থেকেই দল নির্বাচন ও ইনজুরি সমস্যার কারণে পুরো অভিযানটা বিপর্যস্ত ছিল। আমার কাছে স্টিভ স্মিথকে মূল দলে না নেওয়ার সিদ্ধান্তটা অনেক দিনের মধ্যে সবচেয়ে বিস্ময়কর নির্বাচনবঞ্চনা।’

বোলিং বিভাগেও ছিল ধস। শেষ দুই ম্যাচে মাত্র চার উইকেট নিতে পেরেছে তারা। মিচেল স্টার্কের টি-টোয়েন্টি থেকে অবসর, সঙ্গে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের চোট- এক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন পেসত্রয়ী ছাড়া টুর্নামেন্ট খেলতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার ৫২ বলে সেঞ্চুরি সেই দুর্বলতাকে স্পষ্ট করে দেয়।


অন্যদিকে জিম্বাবুয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সুপার এইট নিশ্চিত করেছে। অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই, যখন আমরা উপ-আঞ্চলিক বাছাইপর্ব খেলেছিলাম- কেনিয়া, রুয়ান্ডা ও অন্য দলগুলোর বিপক্ষে, তখন আমি সতীর্থদের বলেছিলাম আমরা এই অবস্থানে নিজেদের কারণেই আছি। 

আমাদের দোষে আমরা এখানে, আর আমাদেরই নিজেদের বের করে আনতে হবে। আমরা উদযাপন করব, তবে খুব অল্প সময়ের জন্য। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। এটিই আমাদের একমাত্র লক্ষ্য ছিল না। এটি শুধু একটি ধাপ পূরণ করা, আমাদের অর্জন করার আরও অনেক কিছু বাকি। সবাই আন্ডারডগ গল্প ভালোবাসে। আমরা জিম্বাবুয়ের জন্য আরও সম্মান অর্জনের চেষ্টা করছি।’

বৃষ্টিতে বিদায় নিশ্চিত হওয়ায় আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার বলেন, ‘আইরিশ হিসেবে আমরা এমন পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত। এভাবে শেষ হোক তা চাইনি। ওমান ম্যাচের পর মনে হচ্ছিল আমরা গতি পাচ্ছি, কিন্তু সেটি খুব দেরিতে এসেছে। টুর্নামেন্ট আমাদের জন্য এভাবেই শেষ হলো। এই টুর্নামেন্ট থেকে আমাদের দল অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। আগামী কয়েক বছরে কিছু ভালো মুহূর্ত পাওয়ার আশা রাখছি।’

বৃষ্টির এক দিনেই বদলে গেল গ্রুপের চিত্র। অস্ট্রেলিয়ার বিদায় যেমন অপ্রত্যাশিত, তেমনি জিম্বাবুয়ের উত্থান বিশ্বকাপে নতুন রোমাঞ্চ যোগ করল।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: