গোলপোস্টের অতন্দ্রপ্রহরীর হাতেই ক্রীড়াঙ্গনের চাবি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আমিনুল হক- বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক পরিচিত মুখ, জনপ্রিয় নাম। সাফজয়ী দলের সদস্য, দেশসেরা গোলরক্ষক। ২০১৩ সালে লাল-সবুজ জার্সি তুলে রাখার

2026-02-18T03:38:25+00:00
2026-02-18T03:38:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
গোলপোস্টের অতন্দ্রপ্রহরীর হাতেই ক্রীড়াঙ্গনের চাবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ এএম 
আমিনুল হক। ছবি : সংগৃহীত
আমিনুল হক- বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক পরিচিত মুখ, জনপ্রিয় নাম। সাফজয়ী দলের সদস্য, দেশসেরা গোলরক্ষক। ২০১৩ সালে লাল-সবুজ জার্সি তুলে রাখার পর নতুন এক পরিচয়ে নিজেকে দেশব্যাপী আরও বেশি পরিচিত, সমাদৃত করে তোলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়ে বিগত সরকারের রোষানলে পড়েন। জেল-জুলুম, হামলা-মামলার শিকার হন। তবে শত অত্যাচারেও কখনো মাথা নত করেননি। জেলে গেছেন, আবার বীরের বেশে রাজপথে ফিরেছেন। জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে আন্দোলন-সংগ্রামে অনিদ্র রজনী পার করেছেন। 

২০২৪ সালের ৫ আগস্টের পর আমিনুলের এক যুগ সংগ্রামের অবসান ঘটে। ক্ষমতার চেয়ারে না বসেও দেশ ও দশের উপকারে নিজেকে সঁপে দেন। দেশের জনপ্রিয় ও গণতান্ত্রিক দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কের পাশাপাশি দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল। বিএনপি চেয়ারম্যান এবং দেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ৫ আগস্ট-পরবর্তী সময়ে অনেক কাজ করেন। এরই প্রতিদানস্বরূপ আমিনুলকে ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা-১৬ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। 

নির্বাচনে জিততে পারেননি আমিনুল হক। প্রতিপক্ষের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছেন। তবে ভোটে পরাজিত হলেও রাজনৈতিক পরাজয় তার হয়নি। আওয়ামী সরকারের আমলে তার ওপর যে জুলুম-অত্যাচার, মিথ্যা মামলার হয়রানি, জেলজীবনের পুরস্কার দিয়েছে তার দল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সুযোগ্য সহচর আমিনুলকে টেকনোক্র্যাট কোটায় বানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একজন মাঠের মানুষ, খেলার মানুষ, কাছের মানুষ সর্বোপরি ক্রীড়াপাগল, ক্রীড়াপ্রেমী আমিনুল হককে পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। মাঠের ক্যাপ্টেন থেকে এখন ক্রীড়ার সর্বোচ্চ ব্যক্তিত্ব আমিনুল। দীর্ঘ এক যুগের রাজনৈতিক কর্মের পুরস্কার তার এ মন্ত্রিত্ব লাভ।

আমিনুল হকের মতো ক্লিন ইমেজের রাজনীতিবিদ যেন না হারিয়ে যায় এ জন্য তাকে টেকনোক্র্যাট কিংবা উপনির্বাচনের সুযোগ দিয়ে অন্য আসন থেকে পাসের সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছিল। দেশের নামকরা সব ক্রীড়াবিদ সাবেক তারকারা ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর নিজেদের ফেসবুকে আমিনুলের পরাজয়ে ব্যথিত হয়ে পোস্ট লিখেন।

ফুটবলার বিপ্লব ভুট্টাচার্য, জাহেদ পারভেজ চৌধুরী, তারকা শুটার শারমিন আক্তার রত্না, দেশসেরা শাটলার জুটি এনায়েত উল্যা খান, এলিনা সুলতানা, ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম, জাতীয় কারাতেকা আয়শা আক্তার মিম, ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ সবার একটাই দাবি আমিনুলকে ক্রীড়াঙ্গনে রাখা, ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব দেওয়া। তাদের সেই চাওয়া বৃথা যায়নি। আমিনুলই হয়েছেন দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী।

ভোলার ছেলে আমিনুল, তবে তার বেড়ে ওঠার গল্পটা ঢাকার মিরপুরে। খেলোয়াড়ি জীবনের শুরুর যাত্রাটাও সেখান থেকেই। পাইওনিয়ার লিগে মিরপুর এমএসপিসি সিটি ক্লাবের জার্সিতে। জীবনের প্রথম পেশাদার লিগেই নিজের জাত চেনান গোলরক্ষক আমিনুল। গোলবারের অতন্দ্রপ্রহরীর ভূমিকায় সফলভাবে লিগের সমাপ্তি টানেন। 

এমএসপিসি ক্লাবের ওই পারফরম্যান্সই তাকে দেশের বড় ক্লাব মোহামেডানে নিয়ে আসে। সেখান থেকে ফরাশগঞ্জ স্পোর্টি ক্লাব হয়ে জাতীয় দলে। মাঝে বয়সভিত্তিক জাতীয় দলেও নিজেকে প্রমাণ করেন। গোলরক্ষক আমিনুল হকের এরপরের গল্পটা কেবল সাফল্য আর প্রাপ্তির। জাতীয় দলকে শিরোপা রাঙানো। ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব সাফ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন আমিনুল।

এদিকে ক্রীড়ার দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং মামলা নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন আমিনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
সাকিব ও মাশরাফীর বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাকিব-মাশরাফীর বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক।

এ ছাড়া বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেদ আরোপ করা হয়েছিল। দায়িত্ব পেয়ে বিসিবির প্রধান নির্বাহীকে সংবাদ সম্মেলনে বসেই কল করে সাংবাদিকদের মাঠে প্রবেশে বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয় দলের সফল এ তারকা ক্লাব ফুটবলার ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। আবাহনী, মোহামেডান, শেখ জামালের হয়ে ট্রফি জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। মোহামেডানের জার্সিতে জেতেন কোটি টাকার সুপারকাপ। দীর্ঘ ২০ বছর জাতীয় দল এবং ক্লাব ফুটবলে অবদান রাখা আমিনুল ২০১৩ সালে বুট এবং গ্লাভস জোড়া তুলে রেখে জাতীয় রাজনীতিতে জীবনের নতুন অধ্যায়ে নাম লেখান। নতুন ক্রীড়ামন্ত্রীকে বিসিবি, বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের অভিনন্দন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   গোলপোস্ট  ক্রীড়াঙ্গন  আমিনুল হক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: