প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম
ছবি : সংগৃহীতফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। আজারবাইজানে অনুষ্ঠিত হবে এই আসর। বিশ্বমঞ্চে খেলতে যাওয়ার আগে দেশের তরুণ ফুটবলাররা উন্নত মানের বুটের দাবি জানায় সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। সঙ্গে সঙ্গে ফুটবলারদের আবদার মেনেও নেন তিনি। গতকাল বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বিশ্বকাপগামী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় ফুটবলাররা উন্নত মানের বুটের দাবি জানায়।
বাফুফের পক্ষ থেকে বুট সরবরাহ করা হলেও মাঠের সেরা পারফরম্যান্সের জন্য খেলোয়াড়রা আরও উন্নত মানের গ্রেডের ফুটবলের বুটের দাবি জানায়। দলের ১৪ খেলোয়াড়ের জন্য সাইজ অনুযায়ী ভালো বুট ক্রয়ের এই আবদার প্রতিমন্ত্রী তৎক্ষণাৎ সাদরে গ্রহণ করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে খেলোয়াড়দের পছন্দের বুট বাছাই করে চূড়ান্ত খরচ জানাতে বলেন তিনি, যাতে দ্রুত তা সংস্থানের ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে খেলোয়াড়দের ভালোভাবে অনুশীলনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে, টুর্নামেন্টে ভালো ফল নিয়ে আসতে পারলে সরকারের পক্ষ থেকে তরুণ ফুটবলারদের জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে।
অনুষ্ঠানে আমিনুল তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে শেষ মুহূর্তের সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনেক সময় শেষ মুহূর্তে সুযোগ পেয়েও কাঙ্ক্ষিত গোল পাওয়া যায় না। তিনি আশা প্রকাশ করেন, তরুণ এই দল সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিটি সুযোগকে সফলতায় রূপ দেবে।
দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সঠিক প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামলেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে সাফল্য সম্ভব বলে তিনি উল্লেখ করেন। মোট ১৯১টি দেশের অংশগ্রহণে এই বিশালাকার টুর্নামেন্টে পুরো দেশ তাদের দিকে তাকিয়ে থাকবে জানিয়ে তরুণদের উৎসাহ দেন তিনি। একই সঙ্গে মিডিয়ার প্রতিনিধিদের শুধু তার বক্তব্য না তুলে ধরে খেলোয়াড়দের প্রত্যাশা ও অনুভূতির কথাগুলো ফলাও করে প্রচারের আহ্বান জানান, যা তৃণমূলের অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে