রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় গুলের-দিয়োমান্দে

ক্রীড়া ডেস্ক

খেলা

লা লিগায় রোববার রাতে দুর্দান্ত জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে

2026-10-19T23:41:43+00:00
2026-10-19T23:41:43+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় গুলের-দিয়োমান্দে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
লা লিগায় রোববার রাতে দুর্দান্ত জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে; গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছেন রিয়ালের আইভরি কোস্ট উইঙ্গার ইয়ান দিয়োমান্দে এবং তুর্কি তারকা আর্দা গুলের।

এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে হোসে মরিনহোর দল। ২১ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে দলটির অবস্থান। রিয়ালের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ২৭ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে হেরে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে সেভিয়া, তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

এমবাপের দুর্দান্ত পারফরম্যান্স, জোড়া গোলের পরও ম্যাচ শেষে আলোচনায় আর্দা গুলের ও দিয়োমান্দে। সেভিয়ার বিপক্ষে রোববার রাতে ম্যাচের ৩০ মিনিটে দিয়োমান্দের এগিয়ে দেওয়া বল থেকেই গোল করেন আর্দা গুলের। এরপর ৮২ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন দিয়োমান্দে। ম্যাচটিতে গোল ও অ্যাসিস্ট করার সময় দিয়োমান্দের বয়স ছিল মাত্র ১৯ বছর ৩৩৮ দিন। এর আগে এই রেকর্ড ছিল ইংলিশ তারকা জুড বেলিংহামের দখলে। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে একই লিগ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার সময় জুডের বয়স ছিল ২০ বছর ৫১ দিন।


দিয়োমান্দে রেকর্ডের রাতে আর্দা গুলেরের একটি কনুইয়ের আঘাতও ম্যাচ শেষে আলোচনায় উঠে আসে সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসার কল্যাণে। প্লাসার দাবি, ম্যাচের ২৫ মিনিটেই একজন খেলোয়াড় কমে যাওয়ার কথা ছিল রিয়ালের। সেটি হলে ম্যাচের গল্পটাও অন্যরকম হতে পারত। ঘটনাটি প্রথমার্ধের, তখনও ম্যাচে গোল হয়নি। সেভিয়ার জেরার্দ পিকে ফার্নান্দেজের সঙ্গে সংঘর্ষে জড়ান রিয়াল মিডফিল্ডার আর্দা গুলের। অভিযোগ, প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করেছেন গুলের। কিন্তু রেফারি কোনো ব্যবস্থা নেননি। গুলেরকে লাল কার্ডও দেখানো হয়নি।

এতেই ক্ষুব্ধ সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা। ম্যাচ শেষে তার অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ৬৫ মিনিট একজন বেশি নিয়ে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তার দল। ‘২৫ মিনিট থেকেই আমাদের একজন বেশি নিয়ে খেলার কথা ছিল। ১১ জনের বিপক্ষে ১০ জন। এরপর ম্যাচে কী হয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা অবিশ্বাস্য। আমি নিজে ঘটনাটা দেখেছি। বিরতিতে পিকে আমাকে বলছিল, ও (গুলের) আমাকে মেরেছে। এটা পরিষ্কার লাল কার্ড অভিযোগ প্লাসার।’

এ বিষয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ হোসে মরিনহো বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে, সেটির কোনো ছবি আমাকে কেউ দেখাতে পারেনি। কোনো ফুটেজ নেই। আমি টেলিভিশনের ফুটেজ চেয়েছি। আমাদের কোচিং স্টাফের ট্যাকটিক্যাল ক্যামেরায় ধারণ করা ফুটেজও দেখতে চেয়েছি। কিন্তু লুইসকে (গার্সিয়া প্লাসা) যে ঘটনাটি এত ক্ষুব্ধ করেছে, তার কোনো ছবিই দেখতে পাইনি।’ 

মরিনহো আরও যোগ করেন, রেফারির কোনো সিদ্ধান্তে রিয়াল অন্যায় সুবিধা পেলে সেটি স্বীকার করতে তার আপত্তি নেই। তবে তার ধারণা, উল্টো ঘটনাই বেশি ঘটবে। রিয়াল কোচের কথায়, ‘সত্যি বলতে কোনো দিন যদি এমন কিছু ঘটে, যাতে আমরা সুবিধা পাই, সেটি স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয়, উল্টো ঘটনাই অনেক বেশি ঘটবে। প্রবণতাটা সে রকমই।’

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   রিয়ালের জয়  আলোচনা  গুলের-দিয়োমান্দে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: