অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুই বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

2026-02-18T15:15:35+00:00
2026-02-18T15:15:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইন্ডিয়া টুডের রিপোর্ট
অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দুই বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিক্ষোভ ও অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন ও স্থিতিশীল করার কঠিন দায়িত্ব এখন তার কাঁধে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ১২ই ফেব্রুয়ারির ভোটে অংশ নেয়া ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে। একইসঙ্গে, অর্থনীতি স্থিতিশীল করার পাশাপাশি রাজনৈতিক সংস্কারের প্রশ্নেও কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসনের প্রণীত জুলাই চার্টারে যে সংস্কারের কথা বলা হয়েছে, তা বাস্তবায়নই হবে তার প্রথম বড় পরীক্ষা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। বিএনপির সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এই বয়কটের ডাক দেয় তারা। তবে শেষ পর্যন্ত জামায়াতসহ তাদের জোটের সকলেই শপথ গ্রহণ করেছেন। তবে জামায়াত ও এনসিপি সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। 

রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনীতি ইতোমধ্যে চাপের মুখে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় যে অর্থনীতি প্রবৃদ্ধি দেখেছিল, সাম্প্রতিক অস্থিরতায় তা ধাক্কা খেয়েছে। ফলে নতুন করে রাজপথে আন্দোলন দেশের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে সংশয় ব্যক্ত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্দিয়া টুডের রিপোর্ট।  


রিপোর্টে আরও বলা হয়, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক তলানিতে পৌঁছায়। দুই দেশই আশা করছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্কে উষ্ণতা ফিরবে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনে ভূমিধস জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

সংসদে বিরোধীদলীয় নেতা হবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। চিফ হুইপ হবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূস প্রশাসনের অংশ ছিলেন। তবে পরে পদত্যাগ করে এনসিপি গঠন করেন। এনসিপির সংসদ সদস্য সংখ্যা ছয়, আর জামায়াত পেয়েছে ৬৬টি আসন। 

সোমবার ১৮ মাস দায়িত্ব পালনের পর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ পরিপ্রেক্ষিতে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি উঠতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে হাসিনা সরকারের শেষদিকে, দেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় পররাষ্ট্রনীতিও থাকবে কড়া নজরদারিতে।

ইসলামপন্থি শক্তির উত্থান, সংস্কার ইস্যুতে সম্ভাব্য আন্দোলন, অর্থনীতি পুনরুদ্ধার এবং সার্বভৌম নীতির ভারসাম্য রক্ষা- সব মিলিয়ে নতুন প্রধানমন্ত্রীর পথ সহজ নয়। পরিবর্তনের আশায় থাকা বাংলাদেশের জন্য প্রথম দিন থেকেই শুরু হলো তারেক রহমানের কঠিন অগ্নিপরীক্ষা।


/ইউএমএইচ



  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: