নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই সরকারি চাকুরীজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে কথা বলেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নতুন অর্থমন্ত্রী।
নবম পে-স্কেল পুরোপুরি নাকি আংশিক বাস্তবায়ন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারব না। টোটাল অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশি সবচেয়ে খারাপ, এমনকি সাউথ এশিয়াতে সবচেয়ে খারাপ। এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু কখন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।’
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। দেশের সকল জনগণের অংশগ্রহন থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে। সকল পর্যয়ের, সকল শ্রেণিপেশার মানুষকে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত করতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে। দেশের অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।’
সময়ের আলো/এনএ