প্রতিটি নাগরিকের জন্যই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করার আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌনে দশটায় দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে এক কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হাজারো শহিদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃ প্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা-প্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান তথা দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার।
এর আগে, এদিন সদ্য গঠিত দুপুরে সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন জোট। গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করে মন্ত্রিপরিষদ। সরকারের প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এফআর