নারায়ণগঞ্জে জেলা ও মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের প্রধান ফটকে দলীয় ব্যানার লাগানোর ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় স্লোগান দেন।
স্থানীয়রা জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ২নং রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
ব্যানার লাগানোর সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সাদিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সায়মন মির্জা সহ ৫-৬ কর্মী। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় শহরে ক্ষুব্দ ছাত্ররা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়েছিল। এরপর এটি পরিত্যক্ত ভবনে রূপ নেয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরবিএন