পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে রাজধানীর গণপরিবহন মেট্রোরেলে আনা হয়েছে বিশেষ সমন্বয়। অফিস সময়সূচির পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল।
এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সময়সূচি কেবল সাপ্তাহিক কর্মদিবসে কার্যকর থাকবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে পূর্বের সময়সূচি বহাল থাকবে।
আরও পড়ুন
নির্ধারিত সূচি অনুযায়ী-উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে।
মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
ইফতারে পানির অনুমতি, তবে শর্তসাপেক্ষরমজানে রোজাদার যাত্রীদের সুবিধার্থে ইফতারের সময় মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পানি যাতে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।
ব্যবহৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে কোনো অবস্থাতেই অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।
যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এএডি/