ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী অংশ নিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মহড়ায় অংশ নিতে পাঠায়। জাহাজটি ১৬ ফেব্রুয়ারি ভারতে পৌঁছায়।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ ৭০টি দেশ এক বা একাধিক যুদ্ধজাহাজ পাঠায়। ইন্দোনেশিয়ার ফ্রিগেট কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের আল ইমারাত মহড়ায় অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করে আইএনএস বিক্রান্ত।
মহড়া শুরুর আগে বক্তব্যে দ্রৌপদী মুর্মু বলেন, এ আয়োজন সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য ও শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন পতাকার জাহাজ ও নৌসেনাদের অংশগ্রহণ ঐক্যের চেতনাকে তুলে ধরছে। মহড়ার মূল প্রতিপাদ্য ছিল সামুদ্রিক ঐক্য।
আন্তর্জাতিক সমুদ্রনীতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে এবং সামুদ্রিক নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সহযোগিতামূলক উদ্যোগকে গুরুত্ব দেয়।
/ইউএমএইচ