সৌদি আরবে ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের জামাল মিয়ার একমাত্র ছেলে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির মক্কা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা মনির ফরাজী জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে এক বছর আগে হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল। বুধবার সকালে পাঁচতলা ভবনের ছাদে রড বাইন্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ মিয়া মোবাইল ফোনে মৃত্যুর খবর বাড়িতে জানান।
হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/আআ