১৫ দিনের মধ্যে শুরু হবে খাল খনন কর্মসূচি: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী উদ্যোগকে সামনে রেখে আগামী ১৫ দিনের মধ্যে দেশব্যাপী পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা

2026-02-20T09:03:51+00:00
2026-02-20T10:32:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
১৫ দিনের মধ্যে শুরু হবে খাল খনন কর্মসূচি: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৩ এএম  আপডেট: ২০.০২.২০২৬ ১০:৩২ এএম
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজা। ছবি : সময়ের আলো
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী উদ্যোগকে সামনে রেখে আগামী ১৫ দিনের মধ্যে দেশব্যাপী পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকা ও জেলা পরিদর্শনে এসে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের যেসব নদী খনন করা প্রয়োজন, সেগুলো খনন করা হবে। আর যেসব জলাশয় অবৈধ দখলে রয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশজুড়ে ২ হাজার মাইলের বেশি যে খাল খনন করেছিলেন, সেই কর্মসূচিকে আমরা আবার ফিরিয়ে আনছি। শুধু খাল খনন নয়, পরিবেশ ও আবহাওয়া অনুকূলে রাখতে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিও জোরদার করা হবে।


এর আগে, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় তিনি পঞ্চগড়কে দেশের অন্যতম সেরা আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের বিভিন্ন দিকনির্দেশনা ও ভিশন তুলে ধরেন।

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, রমজানে যেন কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং মানুষ যেন শান্তিতে রোজা ও ইবাদত করতে পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। বিশেষ করে ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পঞ্চগড়ে আসায় স্থানীয় জনসাধারণ তাকে ব্যাপক সংবর্ধনা ও অভিবাদন জানান। এ সময় তিনি সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পদ এবং এই বিজয় আমার একক নয়, এটি পঞ্চগড়বাসীর বিজয়।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   খাল খনন  কর্মসূচি  পানি সম্পদ প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: