ভারতের বিপক্ষে আরও এক হারের কারণে সাবেক তারকাদের সমালোচনার মুখে পড়েছেন বাবর-শাদাবরা। পরবর্তীতে সাবেকদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন শাদাব। এবার এই অলরাউন্ডারকে পারফর্ম করে সমালোচনার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তারকা শহিদ আফ্রিদি।
ভারতের বিপক্ষে হারের পর শহিদ আফ্রিদি বলেছিলেন, আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহীন, বাবর ও শাদাব—তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?
পরবর্তীতে নামিবিয়ার বিপক্ষে জয়ের পর শাদাব কড়া জবাব দেন সাবেকদের। খোঁচা দিয়েছিলেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেকদের ব্যর্থ হওয়ায় নিয়েও। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ বারের দেখায় ভারতের বিপক্ষে ১ বার জয় পেয়েছে পাকিস্তান। ১০ উইকেটে জয় পাওয়া সেই দলে ছিলেন বাবর-শাদাবরা।
শাদাবের খোঁচা মেনে নিয়েছেন শহিদ আফ্রিদি। সামা টিভিকে এই সাবেক তারকা বলেন, শাদাব একদম ঠিক বলেছে যে আমরা ভারতকে বিশ্বকাপে হারাতে পারিনি। ওদের দল একবার হারিয়েছে। হারানোর পর ওরা সম্মানও পেয়েছে। কিন্তু সেটা ওরা ধরে রাখতে পারেনি। ভারতকে হারানোর পর নিজেদের মধ্যে সমস্যা সামলাতে পারেনি ওরা। শাদাবের এটাও মনে রাখা উচিত, যখন সে দলের জন্য পারফর্ম করতে পারছিল না, তখন আমরা জাতীয় টেলিভিশনে ওর পাশে দাঁড়িয়ে বলেছি যে, এই ছেলেটা দলের মেরুদন্ড।
নামিবিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন শাদাব। ব্যাটিংয়ে ২২ বলে অপরাজিত ৩৬ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
তবে ছোট দল নয় বড় দলের বিপক্ষে ভালো করেই শাদাবকে সমালোচনার জবাব দেওয়ার উপদেশ দেন আফ্রিদি। উদাহরণ দেন নিজেদের সময়েরও।
শাদাবকে আমি খুব ভালো করে চিনি। ও ছেলে ভালো। এমনিতে সবসময় আমাদেরকে সম্মান দিয়েই কথা বলে। আমাদের সময় যখন লোকে সমালোচনা করত, তখন আমরা মাঠে পারফর্ম করেই সমালোচনার জবাব দিতাম। ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষেই পারফর্ম করতাম।
শাদাবকে পারফরম্যান্স দিয়েই সবাইকে চুপ করিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন শহিদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, কাজেই শাদাব বেটা, আপনা পারফরম্যান্স দেখাও! পারফর্ম করে দেখাও বেটা! তোমার কঠিন সময়ে আমরা পাশে থেকেছি। ঘরোয়া ক্রিকেট না খেলেও জাতীয় দলে এসেছো। আমাদেরকে জবাব দিতে চাইলে মাঠে পারফরম্যান্স করে জবাব দাও। পারফর্ম করে বিশ্বকাপ শেষ হতে দাও, আমরা চুপ করে যাব।
সময়ের আলো/এআর