মাদারীপুরের শিবচরে রমজান মাসে বাজার পর্যবেক্ষণে বোরকা পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রমজানকে ঘিরে বাজারে মূল্য কারসাজি ও ভোক্তা প্রতারণা ঠেকাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা ছদ্মবেশে বাজার মনিটরিং করেন। মাছ, মাংস, মুদি ও ফলের দোকান ঘুরে তিনি পণ্যের দাম, ওজন ও মান যাচাই করেন। এ সময় অতিরিক্ত দামে বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস বিক্রিতে প্রতারণাসহ নানা অনিয়ম ধরা পড়ে।
পরে পরিচয় প্রকাশ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি প্রতিষ্ঠানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, প্রথমে ছদ্মবেশে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, পরে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে এবং অন্যদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আআ