প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম
বইমেলার স্টলে বই দেখছেন দর্শনার্থীরা। সংগৃহীত ছবি রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহানগরীর বাটার মোড়ে রাজশাহী রাইটার্স কালেকটিভের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
সাহিত্যচর্চা, বইপাঠ ও সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করতে এই বইমেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সংগঠক ও রাজশাহী অঞ্চলের কবি-সাহিত্যিকরা।
আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এবং ভাষার কারিগরদের একত্রিত করতেই এই উদ্যোগ। দুই দিনব্যাপী বই, কবিতা পাঠ, আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে বইমেলাকে প্রাণবন্ত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখক ও প্রকাশকদের প্রকাশনা স্থান পেয়েছে।
দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা চলবে। আয়োজকরা সকল বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সময়ের আলো/আআ