রমজান উপলক্ষে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শহরের প্রাণিসম্পদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু।
জানা যায়, রমজানের দুইদিন আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে। ফলে নিম্ন আয়ের মানুষরা প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। খোলা বাজারে ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা হালি এবং দুধ প্রায় ১০০ টাকা লিটার। এছাড়া সব ধরনের মুরগিতে প্রকারভেদে ২০-৪০ টাকা বেড়েছে। দাম বেড়ে পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ টাকা কেজি। সবজির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে চালুর পর সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন ক্রেতারা।
আফসার আলী নামে একজন রিকশাচালক বলেন, রোজার আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। প্রাণিসম্পদ দফতর থেকে বাজার তুলনায় একটু কম দামে ডিম ও দুধ কিনতে পেরেছি। এটা দিয়ে দুইদিন চলে যাবে।
নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান বলেন, রমজানের প্রথম দিন ২০০ লিটার দুধ ও এক হাজার ৫০০ পিচ ডিম বিক্রি হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় দিন বিক্রি শুরু হলো। প্রান্তিক পর্যায়ে নিম্ন আয়ের একজন ক্রেতা সুলভ মূল্যে দুই হালি ডিম ২৮ টাকা ও ১ লিটার দুধ ৭০ টাকায় কিনতে পারবেন। আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে জেলা প্রাণিসম্পদ দুধ ও ডিম বিক্রি করা হবে। এছাড়া শনিবার থেকে সপ্তাহে দুইদিন সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করা হবে। পর্যায়ক্রমে পুরো জেলায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আমিষের ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে। গ্রাম পর্যায়ে চালু করা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। এ সময় বক্তব্য রাখেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
সময়ের আলো/আআ