চারবারের গ্র্যামি জয়ী কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও আসছেন ভারতে। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে তিনি পারফর্ম করবেন ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬-এ।
এই কনসার্টের তৃতীয় আসর এবার প্রথমবারের মতো দুই শহরে হতে যাচ্ছে। আয়োজনে রয়েছে ডিস্ট্রিক্ট বাই জমাতো এবং উপস্থাপনায় এইচএসবিসি ইন্ডিয়া।
ভারতীয় ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর। ‘হিপস ডোন্ট লাই’ কিংবা ‘হোয়েন এভার হোয়ার এভার’ কিংবা বিশ^কাপের অমর সংগীত ‘ওয়াকা ওয়াকা’র মতো সব হিট গানের জন্য শাকিরা বিশ^জুড়ে পরিচিত। তার স্টেজ প্রেজেন্স, নাচ আর কণ্ঠ মিলিয়ে কনসার্ট মানেই এক উন্মাদনা। বহুদিন পর তার ভারতে ফেরা ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
তবে এই আয়োজন শুধু বিনোদনের নয়, এর রয়েছে সামাজিক লক্ষ্যও। ফিডিং ইন্ডিয়া কনসার্টের মূল উদ্দেশ্য হলো ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা এবং ২০৩০ সালের মধ্যে ‘জিরো হাঙ্গার’ লক্ষ্য অর্জনে কাজ করা। শাকিরার নিজের দাতব্য সংস্থা বেয়ারফুট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিশুদের শিক্ষা ও কল্যাণে কাজ করে আসছে। ফলে এই কনসার্টের ভাবনার সঙ্গে তার ব্যক্তিগত উদ্যোগের মিল স্পষ্ট।
ঘোষণায় শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা তার জন্য সবসময়ই বিশেষ। মুম্বাই ও দিল্লির দর্শকদের সঙ্গে আবারও সরাসরি দেখা করার জন্য তিনি উচ্ছ্বসিত। তার ভাষায়, এই কনসার্ট শুধু গান শোনানোর জন্য নয়; বরং একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করার জন্য, যেন প্রতিটি শিশুর পুষ্টির অধিকার নিশ্চিত হয়।
দুই শহরে আয়োজনের সিদ্ধান্ত প্রমাণ করে, এই উদ্যোগ এখন আরও বড় পরিসরে ভাবছে। শিল্পী, উদ্যোক্তা এবং সাধারণ মানুষ; সবাইকে এক প্ল্যাটফর্মে এনে সংগীতের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া এই কনসার্টের লক্ষ্য।
এপ্রিলের এই দুই সন্ধ্যায় তাই শুধু সুর আর নাচ নয়, থাকবে এক মানবিক আহ্বানÑ যেখানে মঞ্চের আলোয় ঝলমল করবে সংগীত, আর তার আড়ালে প্রতিধ্বনিত হবে ক্ষুধামুক্ত ভবিষ্যতের স্বপ্ন।
সময়ের আলো/এআর