টাঙ্গাইলের কালিহাতীতে সরিষা ক্ষেত থেকে শাহাদাত (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বল্লা পোস্ট অফিস পাড়া এলাকার হোসেন আলীর ছেলে ও স্থানীয় পোলার আইসক্রিম বিপণন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ক্ষেতে মরদেহ দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আইসক্রিম বিপণন প্রতিষ্ঠানের মালিক রহিম জানান, শাহাদাত তার প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতি মাসে দুই কিস্তিতে তার বেতন পরিশোধ করা হতো।
তিনি আরও বলেন, শাহাদাত শুক্রবার সকাল ৯টার দিকে কর্মস্থলে এসে বেলা ১১টার দিকে চলে যান। পরের দিন তার মৃত্যুর খবর পান। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
নিহতের মা বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, পরিবারের পক্ষ থেকে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আআ