এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক লাখ শিক্ষক-কর্মচারী পবিত্র রমজানের ঈদ থেকেই শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন বলে জান গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করা হবে।’ তবে কবে নাগাদ এ উৎসব ভাতা শতভাগ করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি শিক্ষামন্ত্রী।
সূত্র জানায়, উৎসব ভাতা বা বোনাসের বিষয়ে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি শতভাগ বোনাস পাবেন শিক্ষকরা। এটা রমজানের ঈদ থেকেও হতে পারে। নীতিমালায় শতভাগ উল্লেখ করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এজন্য কিছুটা সময় লাগতে পারে বলে আরও জানা গেছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০০৪ অনুযায়ী, শিক্ষকরা এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পান। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পান ৫০ শতাংশ। বিগত ১৭ বছর ধরে এই বৈষম্য নিরসনে আন্দোলন করছেন শিক্ষকরা।
সময়ের আলো/কেএইচও