নানা কারণে বিশ্বজুড়ে শহরগুলোতে বায়ুদূষণ বাড়ছে, আর দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এ সমস্যায় ভুগছে। মাঝখানে কিছুটা উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আবারও বেড়েছে দূষণের মাত্রা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, একিউআই স্কোর ১৯৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ৩৯২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের কলকাতা ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় এবং দিল্লি ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদ ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
একিউআই স্কোর ০–৫০ হলে তা ভালো ধরা হয়, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়—এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়। আর ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা সবার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
/ইউএমএইচ