সম্প্রতি ছোটপর্দা থেকে সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এরপর তার জনপ্রিয়তা যেন আরও বেড়েছে। ব্যস্ততাও বাড়তে থাকে দ্বিগুণ। নিজের অভিনীত সিনেমা নিয়ে ঘুরতে থাকেন বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ প্যারিস তো কাল টরন্টো।
তবে হঠাৎই দেশের বিমানবন্দরে আটকা পড়েন তিনি। অবৈধভাবে মদ বহনের জন্য তাকে আটকে দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ সময় করা হয় জিজ্ঞাসাবাদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যম মেহজাবীনের মাদককাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই তুমুল আলোচনায় রয়েছেন তিনি।
এরপর সামনে আসে মেহজাবীনের ব্যক্তিগত জীবন। এবার বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দেন অভিনেত্রী নিজেই।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত।
আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তারা। এ বিষয়টি একেবারেই গোপন রাখে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে সম্প্রতি সমালোচনা শুরু হলে মুখ খোলেন মেহজাবীন। এমনকি তিনি সামাজিকমাধ্যমে এক পোস্টে অনুসারীদের সমর্থনও চেয়েছেন।
পোস্টে মেহজাবীন লিখেছেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে বলে পোস্টে লেখেন তিনি।
এরপর তিনি জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘এআই’ দ্বারা তার বিরুদ্ধে এমন তথ্য ছড়ানো হচ্ছে । এর পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘এআই’ দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।
নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে মন্তব্য করে তিনি জানান, তবে এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই।
সবশেষে ভক্ত-অনুরাগীদের সমর্থন চেয়ে মেহজাবীন লেখেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।
তবে তার এই পোস্টের নিচে মন্তব্যের বক্সটি সবার জন্য বন্ধ রাখা হয়েছে।
/ইউএমএইচ