পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা। আটক দুইজন হলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ কর্মী শেখ রাজু।
ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, শনিবার রাতে পাবন শহরের চক ছাতিয়ানি এলাকার নিজ বাড়ি থেকে আলামিন মালিথা ও গোবিন্দা এলাকার নিজ বাড়ি থেকে শেখ রাজুকে আটক করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমামসহ বেশকিছু নেতাকর্মী দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা টানান। শুক্রবার এ ঘটনার ভিডিও প্রকাশ পায়। এরপর শনিবার দুপুরে কিছু অজ্ঞাত ব্যক্তি ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিবাদে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করে নিউ মার্কেট এলাকায় চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগ নেতাকর্মী সহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
তারা সেখান থেকে বেরিয়ে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। এরপর শনিবার রাতে আলামিন মালিথা ও শেখ রাজু নামের দুজনকে আটক করা হয়।
সময়ের আলো/আআ