চাঁদপুরের কচুয়ায় তেগুরিয়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর পাটোয়ারী জানান, রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী দল বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে নগদ এক লাখ ১০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণ, দুই ভরি রুপা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আব্দুল গফুর মাস্টারের স্ত্রী রৌশনারা বেগম জানান, ডাকাতরা কলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। পরে ঘরের জিনিসপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/আআ