তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

জাতীয়

তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যা মামলায় বন্ধুসহ দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা

2026-02-22T19:13:17+00:00
2026-02-22T19:13:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম 
প্রতীকী ছবি
তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যা মামলায় বন্ধুসহ দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। 

রায়ে মৃত্যুদণ্ডের সঙ্গে হত্যার পর মরদেহ গুমের দায়ে তাদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, সেইসঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

‎দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত ইকরামের বন্ধু শান্ত মিয়া এবং শান্তর বন্ধু সিদ্দিক। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শান্ত মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে, সিদ্দিককে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, ইট-বালুর ব্যবসায় লগ্নি করতে বন্ধু শান্তকে দুই লাখ টাকা ধার দিয়েছিলেন ইকরাম। বিনিময়ে প্রতি মাসে তাকে হাত খরচার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনার ছয় মাস আগে ২০২২ সালের অক্টোবর মাসে টাকা লগ্নি করেও কোনো হাত খরচা পাননি ইকরাম। উল্টো নেশাগ্রস্ত হয়ে ব্যবসার পুঁজি শেষ করে ফেলছিলেন শান্ত। এমন পরিস্থিতিতে টাকা চাওয়ায় ও শান্ত নেশাগ্রস্ত এ তথ্য তার পরিবারকে জানানোয় ক্ষিপ্ত হয় সে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। 


একপর্যায়ে শান্ত আরেক বন্ধু আবু সিদ্দিককে সঙ্গে নিয়ে ইকরামকে হত্যার পরিকল্পনা করে। পরে ২০২৩ সালের ৪ মে ইকরাম বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৫ মে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়। গত ৬ মে খিলক্ষেতের পাতিরা বালুর মাঠ এলাকা থেকে ইকরামের মরদেহ উদ্ধার করা হয়। 

একমাত্র ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় খিলক্ষেত থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা কবির হোসেন মোল্লা। তদন্ত শেষে একই বছরের ২৬ নভেম্বর খিলক্ষেত থানার পরিদর্শক এনামুল হক খন্দকার দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এরপর ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ২৭ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন বলে জানা গেছে।

এফআর


  বিষয়:   তেজগাঁও কলেজ  শিক্ষার্থী  ইকরাম  হত্যা  মৃত্যুদণ্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: