লিভার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর। তবে সেই সংকট কাটতে না কাটতেই আবারও শারীরিক সমস্যায় পড়েছেন তিনি। চিকিৎসা পরীক্ষায় তার পেটে একটি ছোট সিস্ট ধরা পড়েছে।
সম্প্রতি নিজের ভ্লগে বিষয়টি জানান তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। তিনি বলেন, কয়েক দিন ধরেই তীব্র পেটব্যথায় ভুগছিলেন দীপিকা। প্রথমে ব্যথা সহনীয় থাকলেও হঠাৎ তা বাড়তে থাকলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে সিটি স্ক্যান করানো হলে ১৩ মিলিমিটার আকারের একটি সিস্ট শনাক্ত হয়। যদিও আকারে ছোট, তবু ব্যথার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দীপিকা জানান, গত দুই দিন ধরে পেটের পাশাপাশি কাঁধেও ব্যথা অনুভব করছেন। চিকিৎসকদের মতে, বাম পাশে যে তীব্র ব্যথা হচ্ছে, সেটি সরাসরি সিস্টের কারণে নয়। সিটি স্ক্যানে সিস্ট ছাড়া অন্য কোনো জটিলতা ধরা পড়েনি এবং লিভারেও নতুন করে কোনো সমস্যা পাওয়া যায়নি- যা কিছুটা স্বস্তির খবর।
আরও পড়ুন
তবে রক্ত পরীক্ষার ফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শোয়েব জানান, দীপিকার রক্তে এএফপি (আলফা-ফিটোপ্রোটিন) মাত্রা কিছুটা বেড়েছে। যদিও গত ডিসেম্বরে করা পিইটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক ছিল, তবু বর্তমান পরিবর্তন চিকিৎসকদের সতর্ক করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগের টিউমারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং ভবিষ্যতে জটিলতা ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আপাতত বড় কোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিকল্প চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। এজন্য কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে অভিনেত্রীকে।
ভক্তদের উদ্দেশে শোয়েব বলেন, সবাই যেন দীপিকার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।
এএডি/