প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমায় জুটি হয়ে আসছেন সিয়াম-তুষি । ছবি : সংগৃহীতঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি আবারও বড়পর্দায় ফিরছেন নতুন গল্প নিয়ে। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে তুষির বিপরীতে থাকছেন সিয়াম আহমেদ। এর মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে আসছেন সিয়াম-তুষি। নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে তুষি ও সিয়ামের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও রয়েছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও রেজওয়ান পারভেজ। সব মিলিয়ে অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চরিত্রের তালিকা।
‘আবার দেখা হলে’ শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। এর আগে তার পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল। নির্মাতার পরিচালনায় চলতি বছর চরকিতে মুক্তি পাওয়া ‘চা গরম’ সিনেমাটিও দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।
পারিবারিক আবহ ও মধ্যবিত্ত জীবনের নানা অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’।
সিনেমার গল্প প্রসঙ্গে শঙ্খ দাশগুপ্ত জানিয়েছেন, এতে রয়েছে আবেগ, পারিবারিক মূল্যবোধ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। তবে গল্পটি কেবল গম্ভীর আবহে সীমাবদ্ধ নয়, মূল আবেগের পাশাপাশি থাকবে হাস্যরসও। নির্মাতার ভাষায়, এটি মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। নিজের ফেলে আসা সময়, স্মৃতি ও শিকড়কে নতুন করে খুঁজে দেখার মধ্য দিয়ে এগোবে সিনেমার কাহিনি।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। প্রযোজনা করছে ফিল্মি ফিচারস। সহ-প্রযোজক ও অফিসিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চরকি এবং এমআইবি স্টুডিওস। সিনেমাটির সহ-প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিও মনে করেন, পারিবারিক সম্পর্ক ও আত্ম-অনুসন্ধানের গল্পটি দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে।
প্রসঙ্গত, রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে নাজিফা তুষির। দ্বিতীয় সিনেমা ‘হাওয়া’-এ অভিনয় করে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান। চলতি বছরে ‘রঈদ’ সিনেমা নিয়ে নতুন করে আলোচনায় আসেন তুষি। ক্যারিয়ারে সিনেমার সংখ্যা কম হলেও অভিনয়ের স্বতন্ত্র ধরন ও চরিত্র নির্বাচনের কারণে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে এই অভিনেত্রীর। এবার আবার দেখা হলেতে সিয়াম আহমেদের সঙ্গে তার প্রথম জুটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করে, সেটিই দেখার বিষয়। তবে নতুন এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় তুষির অভিনয়ে আরও একটি ভিন্ন অভিজ্ঞতা যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছেন সিনে-সংশ্লিষ্টরা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে