হুমায়ূন আহমেদের সাহচর্য জীবনের শ্রেষ্ঠ অর্জন

মাসুদুর রহমান

আনন্দ সময়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ক্যারিয়ারের শুরুর দিকে

2026-11-12T02:09:54+00:00
2026-11-12T02:09:54+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিদ্যা সিনহা মিম
হুমায়ূন আহমেদের সাহচর্য জীবনের শ্রেষ্ঠ অর্জন
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:০৯ এএম 
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ক্যারিয়ারের শুরুর দিকে তার পরিচালনায় নাটক ও চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন মিম। সময়ের ব্যস্ততম একজন অভিনেত্রী হলেও অনেকের কাছে তিনি ‘হুমায়ূন আহমেদের নায়িকা’ হিসেবে পরিচিত। লিখেছেন মাসুদুর রহমান

২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ প্রতিযোগিতার আগে প্রায় দুই বছর ধরে শোবিজে কাজের চেষ্টা করেছিলেন তিনি। শুরুর দিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও অভিনেত্রী চেয়েছিলেন প্রধান বা নায়িকা হয়ে চলচ্চিত্রে কাজ করতে। একবার অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও করেননি। তবে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে জাহিদ হাসানকেই পেয়েছিলেন সহশিল্পী হিসেবে।

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। সেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগকে নিজের জীবনের মোড় ঘোরানো ঘটনা হিসেবে দেখেছেন তিনি। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, শৈশব থেকেই হুমায়ূন আহমেদ স্যারের লেখার ভক্ত ছিলাম। তার উপন্যাসের চরিত্রে তারই পরিচালনায় অভিনয়ের সুযোগ পাওয়ায় আনন্দের পাশাপাশি কিছুটা ভয়ও কাজ করেছিল। নতুন হিসেবে প্রথম চলচ্চিত্রের শুটিংয়ে বেশ নার্ভাস ছিলাম। স্যার সেই জড়তা কাটানোর চেষ্টা করেন। স্বাভাবিক রাখতে নানা রকম মজা করতেন। একজন নতুন শিল্পী হিসেবে এমন অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, তার সাহচর্য জীবনের শ্রেষ্ঠ অর্জন।

মিমের স্মৃতিচারণায় উঠে এসেছে, হুমায়ূন আহমেদ ছিলেন ধৈর্যশীল, পরিশ্রমী এবং রসবোধসম্পন্ন একজন পরিচালক। তাকে গুরুগম্ভীর মনে হলেও মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত সহজ-সরল। এই অভিনেত্রী বলেন, হুমায়ূন আহমেদই আমার অভিনয়জীবনের ভিত তৈরি করে দিয়েছেন। তার পরিচালিত আমার আছে জল আমাকে আলাদা পরিচিতি ও সম্মান এনে দিয়েছে।

এই সিনেমাটি মুক্তির পর প্রশংসিত হয় মিমের অভিনয়। সময়ের সঙ্গে মিমের অভিনয়জীবনে এসেছে সাফল্য ও স্বীকৃতি। বিভিন্ন পুরস্কার ও সম্মাননার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মিম।


চলচ্চিত্রের আগে হুমায়ূন আহমেদের পরিচালনায় নাটকে কাজ করেছেন মিম। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘রহস্য’ নাটকে অভিনয় ছিল তার প্রথম দিকের কাজগুলোর একটি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। সেখানে অভিনয়ের জন্য যে সম্মানী পেয়েছিলেন তিনি সেটি ছিল তার প্রথম উপার্জন। সেই টাকা মায়ের হাতে তুলে দিয়েছিলেন মিম। তবে হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া সেই সম্মানীর স্মৃতি এখনও যত্ন করে আগলে রেখেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, সেই প্রথম সম্মানী আজও আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে আছে।

হুমায়ূন আহমেদের পরিচালনায় কাজ করলেও তার সঙ্গে মিমের প্রথম দেখা হয় একটি অনুষ্ঠানে। প্রথম দেখার সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিম বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সময় তাকে প্রথমবার দেখি। সেদিন প্রতিযোগীদের হাতে নিজের লেখা আমার আছে জল বই তুলে দিয়েছিলেন হুমায়ূন আহমেদ স্যার। তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম আমরা। শুধু লেখাতে বা পরিচালনাতেই নয়, তার কথাতেও জাদু ছিল। প্রথম দেখার সেই মুহূর্ত আজও মনে আছে। তবে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল মৃত্যুর বেশ আগে। তখন বুঝতে পারিনি তিনি চলে যাবেন।
২০০৮ সালে আমার আছে জল-এর পর চলচ্চিত্রে ব্যস্ততা বেড়ে যায় মিমের। নাটক ছেড়ে চলচ্চিত্রেই থিতু হন তিনি। ২০০৯ সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আমার প্রাণের প্রিয়া’। এরপর— জোনাকির আলো, তারকাঁটা, ইত্তেফাক, অন্তর্জাল, পদ্ম পাতার জল, পরাণ, দামালসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

সাম্প্রতিক পর্দায় মিমের উপস্থিতি কিছুটা কম। এর পেছনে রয়েছে বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত। মুক্তির অপেক্ষায় আছে একাধিক চলচ্চিত্র। মিম জানান, আগামী বছরে চলচ্চিত্রগুলো মুক্তি পাবে।

আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’র কাজ শেষ করেছেন মিম। এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মোস্তাফিজুর নূর ইমরান। চলচ্চিত্রটি প্রসঙ্গে মিম বলেন, জীবন অপেরার গল্প বেশ আগ্রহ জাগানিয়া। এটি নিয়ে আমি খুব আশাবাদী। তবে সিনেমাটির গল্প কিংবা চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনই বলছি না।


এদিকে মিমের অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। এতে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। পাশাপাশি ওয়েবফিল্ম লাইফলাইনেও অভিনয় করেছেন তিনি। সিনেমা ও ওয়েবফিল্ম দুই মাধ্যমেই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

মিম বলেন, ভালো গল্প ও চরিত্র না পেলে কাজ করি না। চাইলেই একের পর এক সিনেমায় অভিনয় করা যায়, কিন্তু মানসম্মত কাজের বিষয়টি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। তবে সেগুলোর বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি অভিনেত্রী।

গত ১০ নভেম্বর ছিল মিমের জন্মদিন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার জন্মদিন সাদামাটাভাবেই কাটে। কোনো বড় আয়োজন হয় না। বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই দিনটি কেটেছে। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   হুমায়ূন আহমেদ  সাহচর্য  জীবন  শ্রেষ্ঠ অর্জন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: