প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ১১:৪৮ পিএম
দক্ষিণি সুপারস্টার যশ। ছবি : সংগৃহীত রাবণ হতে গিয়ে রীতিমতো ভার বইতে হয়েছে দক্ষিণি সুপারস্টার যশকে! শুধু অভিনয় নয়, ‘রামায়ণ’ সিনেমায় রাবণের লুক তৈরি করতেও ছিল বিশাল আয়োজন।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ : পার্ট ১’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। আর এই চরিত্রের জন্য তাকে পরতে হয়েছে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক ও অলংকার। শুধু মুকুটের ওজনই প্রায় ২ কেজি!
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পোশাক পরিকল্পক ও ডিজাইনার সানিয়া জানিয়েছেন, যশের রাবণ-লুক তৈরি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁদের।
অলংকারসহ বেশির ভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে রাবণের বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের বিশেষ সাজের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।
সবচেয়ে কঠিন ছিল রাবণের মুকুট তৈরি করা। মুকুটের নকশা চূড়ান্ত করতে থ্রিডি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। ওজন কমানোর নানা চেষ্টা করেও শেষ পর্যন্ত মুকুটটির ওজন ১ কেজি ৮০০ গ্রামের নিচে নামানো সম্ভব হয়নি।
এত ভারী পোশাক পরে শুটিং করাও সহজ ছিল না যশের জন্য। শুটিংয়ের বিরতিতে পোশাকের কিছু অংশ খুলে রাখতে হতো তাঁকে। এমনকি মুকুট পরে মাথা নাড়ানো কিংবা বুকের বর্ম ও ভারী কাঁধের কাঠামো নিয়ে হাত নাড়াচাড়াও ছিল বেশ কঠিন।
তবে এত প্রতিকূলতার মধ্যেও সেটে হাসিখুশি থাকতেন এই অভিনেতা। একই দৃশ্যের জন্য একাধিকবার শট দিতে হলেও নিজের অভিব্যক্তিতে যেন ক্লান্তির ছাপ না পড়ে, সেদিকেও রাখতে হয়েছে বিশেষ নজর।
অর্থাৎ পর্দায় রাবণের রাজকীয় উপস্থিতি তৈরি করতে পর্দার পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি, প্রযুক্তির ব্যবহার আর যশের কঠোর পরিশ্রম।
রণবীর কাপুর, সাই পল্লবীসহ তারকাবহুল এই সিনেমায় রাবণ হিসেবে যশের উপস্থিতি দর্শকদের আগ্রহের অন্যতম কেন্দ্র। আর ৩৩ কেজির পোশাকের এই গল্প সামনে আসার পর সিনেমাটির পর্দার পেছনের আয়োজন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সময়ের আলো/জেডি