প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : সংগৃহীত দীপাবলির সাজে ঐতিহাসিক পান্নার গয়না পরে নতুন বিতর্কে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গয়নাটিতে পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা থাকায় তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হন কারিনা। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে পরেছিলেন একই রঙের পাগড়ি। তবে তাঁর সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি ঐতিহাসিক পান্নার লকেট।
জানা গেছে, প্রায় ২০০ বছরের পুরোনো এই গয়নাটি একসময় ভোপালের বেগমের ছিল। এতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।
কারিনার সাজের দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, গয়নাটি সাইফ আলী খানের পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।
এদিকে নিজের সাজের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে কারিনা লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’
তবে ঐতিহাসিক এই গয়না পরার পরই শুরু হয়েছে বিতর্ক। ঐতিহ্যবাহী পারিবারিক অলংকার ব্যবহারের বিষয়টি ঘিরে এখন আইনি নোটিশের মুখে অভিনেত্রী কারিনা কাপুর খান।
সময়ের আলো/জেডি