প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৯:৩৫ পিএম
ছবি : সংগৃহীত নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ভারতীয় সিনেমা ‘গজব রাত’। বাংলাদেশ থেকেও প্ল্যাটফর্মটির টপ চার্টের শীর্ষে উঠে এসেছে সিনেমাটি। রিতেশ শাহ পরিচালিত এবং নীরজ পাণ্ডে প্রযোজিত এই ক্রাইম থ্রিলারটির গল্প, চরিত্র ও দুর্নীতির চিত্রায়ণে বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর সঙ্গে বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন এক দর্শক।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দিল্লির দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা অজয় নিরভিত। চরিত্রটিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। বাড়তি আয়ের আশায় হোটেলে অভিযান চালানো, সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়সহ নানা অনিয়মে জড়িয়ে পড়ে অজয়। তবে ঘটনাক্রমে একটি হত্যাচেষ্টার মামলায় জড়িয়ে পড়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। একপর্যায়ে ক্ষমতাধর দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়িয়ে এক তরুণীকে বাঁচানোর লড়াইয়ে নামে সে।
সিনেমাটিতে মনোজ বাজপেয়ীর পাশাপাশি অভিনয় করেছেন দিব্যা দত্ত, রাজীব গুপ্তা ও অক্ষয় ওবেরয়। দর্শকের কাছে সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার চিত্রায়ণ। বিশেষ করে রাষ্ট্রীয় দুর্নীতি, পুলিশের ক্ষমতার সীমাবদ্ধতা এবং ক্ষমতাবানদের দায়হীনতা গল্পে গুরুত্ব পেয়েছে।
‘গজব রাত’ দেখার পর এক দর্শকের পর্যালোচনায় উঠে এসেছে, সিনেমাটির সঙ্গে আশফাক নিপুণ পরিচালিত বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর বেশ কিছু সাদৃশ্য রয়েছে। দুই গল্পেরই পটভূমি এক রাত। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দুর্নীতিতে জড়িত পুলিশ কর্মকর্তা। দুই গল্পেই ক্ষমতাবান দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করে একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় পুলিশ কর্মকর্তাদের।
তবে দুই নির্মাণের গল্পে বিস্তর পার্থক্যও রয়েছে। পর্যালোচনায় বলা হয়েছে, ‘গজব রাত’-এর চিত্রনাট্যকার নীরজ পাণ্ডে ও রিতেশ শাহ ‘মহানগর’ থেকে অনুপ্রেরণা নিয়ে থাকতে পারেন। সৃষ্টিশীলতার জগতে ভালো কাজ থেকে অনুপ্রেরণা নেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখেছেন ওই দর্শক। একই সঙ্গে আশফাক নিপুণ ও ‘মহানগর’ সংশ্লিষ্ট পুরো দলের প্রশংসা করেছেন তিনি।
সিনেমাটির অভিনয়, চিত্রনাট্য, সম্পাদনা ও পোশাক পরিকল্পনাও প্রশংসা পেয়েছে ওই পর্যালোচনায়। বিশেষ করে প্রবীণ কাঠিকুলোথের সম্পাদনা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পোশাক পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
পর্যালোচনার শেষাংশে বলা হয়েছে, ‘মহানগর’-এর মতো বিশ্বমানের কনটেন্ট বাংলাদেশ থেকেও তৈরি করা সম্ভব। নেটফ্লিক্সের কনটেন্ট নির্বাচক, দর্শক এবং বাংলাদেশের নির্মাতাদের মধ্যে এই উপলব্ধি ছড়িয়ে পড়া জরুরি।
সময়ের আলো/জেডি