প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম
সংগৃহীত ছবিনভেম্বরের বৃষ্টি আর মনের বিষণ্নতাকে এক সুতোয় বেঁধে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার। গানটির শিরোনাম ‘মনে বৃষ্টি’। কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। বৃষ্টিভেজা সন্ধ্যার আবহের সঙ্গে মিল রেখেই গান প্রকাশের সময় বেছে নিয়েছেন এই শিল্পী।
‘রাতের বেলায় চাঁদের ছায়া, পড়ছে মনে লাগছে মায়া, বিরহ আজ কম পড়ে যায়, যখন সবাই ঘুম, মনে বৃষ্টি নামে ঝুম’—এমন কথায় সাজানো গানটিতে ফুটে উঠেছে বিরহ, বিষণ্নতা ও মনের ভেতর জমে থাকা নানা অনুভূতি। গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই। সংগীত প্রযোজনায় রয়েছেন জুনায়েদ দেওয়ান সৌরভ। আর অ্যানিমেটেড ভিডিও নির্মাণ করেছেন পার্থ দিবস চৌধুরী।
গানটি প্রকাশের পেছনের গল্প জানিয়ে ঈশান বলেন, সোমবারের বৃষ্টিতে তার মনেও এক ধরনের বিষণ্নতা তৈরি হয়েছিল। কোনো এক মন খারাপের রাতে গানটি তৈরি করেছিলেন তিনি। তখনই ভেবেছিলেন, হঠাৎ কোনো এক বৃষ্টির রাতে গানটি প্রকাশ করবেন। তার মতে, এবার হয়তো সেই উপযুক্ত সময় এসেছে।
গানটির ভাবনা প্রসঙ্গে ঈশান আরও বলেন, চোখের বৃষ্টি একদিন থেমে গেলেও মনের বৃষ্টি থেকে যায় বহুদিন। মনের সেই মেঘের আনাগোনা বাইরে থেকে কেউ দেখতে পায় না। তাই মনের ভেতরের বৃষ্টির খবরও অনেক সময় কারও জানা হয় না।
এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’ ও ‘গুলবাহার’সহ বেশ কয়েকটি গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন ঈশান। চলতি বছরের জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় সুনিধি নায়েকের সঙ্গে তার গাওয়া ‘পাতার বাঁশরী’ গানটিও ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।
নতুন গান ‘মনে বৃষ্টি’র মাধ্যমে এবার শ্রোতাদের সামনে নিজের আবেগ ও বিষণ্নতার ভিন্ন এক প্রকাশ তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।
সময়ের আলো/ইউএমএইচ