অভিনেত্রী তাসনিয়া ফারিন। সংগৃহীত ছবি বিয়ের সাজে হাতে পিস্তল। পাশে অস্ত্র হাতে আরও তিন তরুণ। এমন ভিন্নধর্মী লুকে হাজির হয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। তবে এটি বাস্তব কোনো ঘটনা নয়, নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র প্রচারণার অংশ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির এই সিরিজে ব্যতিক্রমী এক চরিত্রে দেখা যাবে তাকে।
গতকাল মঙ্গলবার সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় অভিনয়শিল্পীদের চরিত্রের প্রথম ঝলক। এতে তাসনিয়া ফারিনের পাশাপাশি রয়েছেন অভিনেতা এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
‘ডাকাতিয়া বাঁশি’র মাধ্যমে বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিন। এর মধ্যে সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। সিরিজে নতুন ধরনের কোনো চরিত্রের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী। এবার সেই সুযোগ পেয়েছেন।
সিরিজে ফারিনের চরিত্রের নাম ক্যামেলিয়া। চরিত্রটি নিয়ে বেশ আশাবাদী তিনি। এ প্রসঙ্গে ফারিন বলেন, ক্যামেলিয়া নামের মতোই চরিত্রটিও কিছুটা অন্যরকম। সিরিজটি ডার্ক কমেডি ঘরানার। তাই তার চরিত্রেও রয়েছে অন্ধকার কিছু দিক। এর আগে ওটিটিতে এ ধরনের কমেডি চরিত্রে অভিনয় করা হয়নি তার। ফলে এটি হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, থ্রিলার কিংবা মার্ডার মিস্ট্রির বাইরে গিয়ে ভিন্ন স্বাদের গল্পে কাজ করার আগ্রহ থেকেই সিরিজটিতে যুক্ত হয়েছেন। আশা করছেন, দর্শকরাও কাজটি উপভোগ করবেন।
এদিকে সিরিজে নিজের চরিত্র নিয়ে রহস্য রেখেছেন এরফান মৃধা শিবলু। তার চরিত্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। গল্পে একটি পরিবারের বিষয়ও রয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে পার্থ শেখের চরিত্রেও থাকছে একাধিক মনস্তাত্ত্বিক স্তর।
‘ডাকাতিয়া বাঁশি’র মাধ্যমে ওটিটিতে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখতে নানা বাঁক ও চমক রাখা হয়েছে। গল্পের প্রতিটি স্তর যথাযথভাবে তুলে ধরাই ছিল নির্মাণের ক্ষেত্রে তার বড় চ্যালেঞ্জ।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ওটিটিতে ডার্ক থ্রিলার ও মিস্ট্রি ঘরানার কাজ বেশি দেখা গেলেও ডার্ক কমেডির সংখ্যা তুলনামূলক কম। সেই জায়গা থেকে দর্শকদের নতুন ধরনের বিনোদন দিতেই ‘ডাকাতিয়া বাঁশি’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। চরকি জানিয়েছে, শিগগিরই মুক্তি পাবে সিরিজটি। তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ