প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম
বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ কাজল আগরওয়াল । ছবি : সংগৃহীতবলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ কাজল আগরওয়াল। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এবার নতুন করে আলোচনায় এসেছেন বহুল প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ : দ্য রাইজ অব অ্যা লেজেন্ড’-এ অভিনয় করে। সিনেমাটিতে তাকে দেখা গেছে লঙ্কার রানী মন্দোদরীর চরিত্রে।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণি তারকা যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়সহ আরও অনেকে। গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম পর্ব।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দোদরী চরিত্রে নিজের সাজের কয়েকটি পর্দার পেছনের ছবি প্রকাশ করেছেন কাজল। সেখানে লাল, গোলাপি ও মেরুন রঙের পোশাকে রাজকীয় সাজে দেখা গেছে তাকে। ভারী স্বর্ণের গয়না ও বিশেষ নকশার মুকুটে ফুটে উঠেছে লঙ্কার রানীর আভিজাত্য।
সিনেমাটিতে নিজের চরিত্রের ব্যাপ্তি তুলনামূলক কম হলেও বিষয়টি নিয়ে আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং এমন একটি বড় আয়োজনের অংশ হতে পেরে গর্বিত তিনি।
কাজলের ভাষ্য, কোনো কোনো চলচ্চিত্রের গুরুত্ব শুধু পর্দায় একজন শিল্পীর উপস্থিতির সময় দিয়ে বিচার করা যায় না। গল্পের ব্যাপ্তি, নির্মাণের পেছনের শ্রম এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যও গুরুত্বপূর্ণ।
এর আগে এক সাক্ষাৎকারে সিনেমাটির উন্নত প্রযুক্তি ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। তার মতে, এ ধরনের কাজ তার অভিনয়জীবনে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ! হো গয়া না...’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কাজল। পরে ‘মাগাধীরা’, ‘থুপ্পাক্কি’, ‘জিলা’ ও ‘হে সিনামিকা’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। বাণিজ্যিক ও ভিন্নধর্মী— দুই ধরনের সিনেমাতেই কাজ করেছেন তিনি। নতুন এই পৌরাণিক চলচ্চিত্রে মন্দোদরী চরিত্রের মধ্য দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী।
সময়ের আলো/প্রিন্ট/এসকে